প্রচ্ছদ সারাদেশ অধিকারের পক্ষে দাঁড়ানোর মূল্য: জুনায়েদ হাবিব ও তাঁর পরিবারের ওপর হামলা

অধিকারের পক্ষে দাঁড়ানোর মূল্য: জুনায়েদ হাবিব ও তাঁর পরিবারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক জনগোষ্ঠী ও যৌ – ন সংখ্যালঘুদের অধিকার নিয়ে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে কুমিল্লার তরুণ জুনায়েদ হাবিব ও তাঁর পরিবারকে হামলা, নির্যাতন ও ধারাবাহিক হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, তাঁর সামাজিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় একটি উগ্রবাদী গোষ্ঠী প্রথমে জুনায়েদকে টার্গেট করে। পরে সেই আক্রোশ ছড়িয়ে পড়ে তাঁর পরিবারের ওপরও।

জুনায়েদ হাবিব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র সঙ্গে যুক্ত থেকে ট্রান্সজেন্ডার ও সমকামী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন। পরিবারের ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় একটি গোষ্ঠী তাঁকে ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত করে এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে।

অভিযোগ রয়েছে, গত ২২ আগস্ট ‘হেফাজতে ইসলামের’ ব্যানারে একদল লোক জুনায়েদের বাড়িতে হামলা চালায়। এ সময় জুনায়েদ ও তাঁর বাবা আলমগীর হোসেনকে মারধর করা হয়। হামলার ঘটনায় পরিবারটি আতঙ্কের মধ্যে পড়ে বলে অভিযোগ তাদের।

এরপর ঘটনার আরও ভয়াবহ পরিণতি ঘটে গত ২০ নভেম্বর। পরিবারের দাবি, ওই সময় জুনায়েদের নামে একটি ভুয়া ফেসবুক স্ক্রিনশট ছড়িয়ে তাঁর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তোলা হয়। অভিযোগটি ছড়িয়ে পড়ার পর একদল লোক আবারও তাঁদের বাড়িতে হামলা চালায়।

হামলার সময় জুনায়েদ বাড়িতে না থাকায় তিনি প্রাণে বেঁচে যান। তবে তাঁর বাবা আলমগীর হোসেন হামলায় গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাবার মৃত্যুর পর পরিবারের সদস্যরা বিচার চেয়ে থানায় গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেছেন জুনায়েদ। বরং উল্টো তাঁর বিরুদ্ধেই একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের।

পরিবারটির অভিযোগ, হামলার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বর্তমানে তাঁদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের উদ্দেশে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা।

জুনায়েদ ও তাঁর পরিবারের দাবি, সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ডের কারণে তাঁদের ওপর এ ধরনের হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।

হামলার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ, জুনায়েদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা এবং তাঁর বাবার মৃত্যুর সঙ্গে হামলার সম্পর্কে পুলিশের পুলিশ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।