
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী দুই কার্যদিবসের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ঘটনার ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্য সচিব রিগান হোসেন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা নিরপেক্ষ, স্বচ্ছ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করাই দলের নীতি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনার কাজ চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে শওকত ইমরানের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হয়।
এর আগে, শনিবার (০১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগও ওঠে শওকত ইমরানের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতেই দলটি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।












































