প্রচ্ছদ জাতীয় প্রেসক্লাবের সামনে দুই পক্ষের সংঘর্ষ, শান্তা ফারজানা হাসপাতালে অবরুদ্ধ

প্রেসক্লাবের সামনে দুই পক্ষের সংঘর্ষ, শান্তা ফারজানা হাসপাতালে অবরুদ্ধ

প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও জুলাই যোদ্ধা এসডিএফের সংঘর্ষ

নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে।
জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রাষ্ট্র সংলাপের সদস্যসচিব আ ন ম আয়াশসহ বেশ কয়েকজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চিকিৎসা নেওয়ার সময় হাসপাতালে শান্তা ফারজানাসহ তাঁর দলের নেতাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে বিপরীত পক্ষের বিরুদ্ধে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার সন্ধ্যায় নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছিল। এ সময় এসডিএফের নেতা আ ন ম আয়াশসহ কয়েকজন সেখানে গেলে সংঘর্ষ শুরু হয়।

এসডিএফের নেতারা বলেন, সন্ধ্যার দিকে প্রেসক্লাবের সামনে শান্তা ফারজানার অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। এ সময় তাঁরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা করেন শান্তা ফারজানার লোকজন।
তবে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মেহেদি মোমিন বলেন, ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে কর্মসূচি পালন করছিলেন তাঁরা। সেখানে অনেক সাংবাদিক ছিলেন। হঠাৎ আয়াশসহ লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোনও কেড়ে নেন।

হাসপাতালে প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, শান্তা ফারজানা, আ ন ম আয়াশসহ উভয় পক্ষের আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সময় মঞ্চ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীসহ তাঁর অনুসারীরা হাসপাতালে গিয়ে স্লোগান দেন। ফাহিম ফারুকী এ সময় বলেন, শান্তা ফারজানা প্রেসক্লাবের সামনে জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে গ্রেপ্তার করতে হবে। এ সময় মঞ্চ২৪-এর নেতা-কর্মীরা শান্তা ফারজানাকে অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। এ সময় প্রায় দেড় ঘণ্টা জরুরি বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত হয়। রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়।