প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতি কী করবেন, না করবেন সেটি আমার জানা নেই

রাষ্ট্রপতি কী করবেন, না করবেন সেটি আমার জানা নেই

থাইল্যান্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ মন্তব্য করেন। এ সময় তাকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবে, না করবে তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এটাই সংসদীয় রীতি।’

ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ আছে, আর গতকাল আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে। তাই আমি দেশে ফিরে এসেছি।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী দায়িত্ব স্পিকারের নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটি ট্রাডিশনালি বাংলাদেশের সংবিধানে লেখা আছে। যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্বপালন করেন। রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটি তিন মাসের মধ্যে করতে হয়। এটাই সংসদের পজিশন।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তার দেশে ফেরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনাকে আরও জোরালো করেছে। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন।

এদিকে একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিদায়ের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, তিনটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা।