
ভয়াবহ দাবানলের কারণে স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব দেওয়া হয়েছে স্পেনের সামরিক জরুরি ইউনিটকে।
মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন বনাঞ্চলে একযোগে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বৃহস্পতিবার ভোরে রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় সরকার।
এদিকে আভিলা প্রদেশের দাবানলও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, বুরগোহন্দো, এল তিয়েমব্লো এবং নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক এল পাইস জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়েমব্লো এলাকার একটি গ্রামীণ পর্যটন কমপ্লেক্স এবং একটি আবাসন প্রকল্প থেকে প্রায় ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বচেয়ে বড় দাবানলটি ছড়িয়ে পড়েছে মাদ্রিদের উত্তরাঞ্চলের গুয়াদালাহারা প্রদেশে। রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকায় গত বৃহস্পতিবার থেকে প্রায় ৩২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, আভিলা, লেওন, তোলেদো, মাদ্রিদসহ বিভিন্ন অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। তিনি জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (ইএফএফআইএস) তথ্য অনুযায়ী, চলতি বছরে স্পেনে ইতোমধ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। গত বছর একই সময়ে পুড়ে যাওয়ার পরিমাণ ছিল প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর। দাবানলের ক্রমবর্ধমান বিস্তার জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।










































