প্রচ্ছদ জাতীয় দেশের ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা, যা জানা গেল

দেশের ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা, যা জানা গেল

টানা ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের অন্তত সাত জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীগুলোর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বেড়েছে। আগামী তিন দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নদীগুলোর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ফলে ২০ থেকে ২২ জুলাই ব্রহ্মপুত্র ও যমুনা নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার কীর্তনখোলা, লোয়ার মেঘনা, পশুর, ইছামতি, কর্ণফুলী, লিটল ফেনী ও নোয়াখালী খালসহ কয়েকটি নদীতে বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশি জোয়ার দেখা যাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী একদিনও এসব নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার অব্যাহত থাকতে পারে। এতে উপকূলীয় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বা সাময়িক প্লাবনের ঝুঁকি বাড়তে পারে।