
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ বিষয়ে অভিযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
সোমবার (৬ জুলাই) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে— অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে অভিযোগ থাকলে বা অপরাধ সংঘটিত হতে দেখলে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বরে (৯৯৯ ও ৯১১) যোগাযোগ করা যেতে পারে।
দূতাবাস সতর্ক করে দিয়ে বলছে, কোনও অবস্থাতেই অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করার সুযোগ নেই। এটি এ দেশীয় আইনে গুরুতর অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।












































