
দেশে আগামী কয়েক দিনের মধ্যে একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে যাচ্ছে, যা টানা প্রায় ১২ দিন পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১৩ জুন) সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, চলতি বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয়টি আগামী ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সক্রিয় হতে পারে এবং এর প্রভাব পর্যায়ক্রমে ২৯–৩০ জুন পর্যন্ত থাকতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়ের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানায়, এটি বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায় বড় ধরনের ঝড় বা বজ্রপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম থাকতে পারে। তবে কোথাও কোথাও দমকা হাওয়া এবং এলোমেলো বায়ুপ্রবাহের কারণে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।












































