প্রচ্ছদ জাতীয় নতুন রেকর্ড গড়লেন মোদি

নতুন রেকর্ড গড়লেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির আধুনিক ইতিহাসে টানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।

মঙ্গলবার (১০ জুন) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ হাজার ৩৯৯ দিন পূর্ণ করেছেন মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এর মাধ্যমে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর টানা দায়িত্ব পালনের রেকর্ড ভেঙেছেন মোদি। নেহরু ১৯৫২ সালের ১৩ মে থেকে ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যুর আগ পর্যন্ত মোট ৪ হাজার ৩৯৮ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে গত বছর তিনি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর টানা ৪ হাজার ৭৭ দিনের দায়িত্ব পালনের রেকর্ডও অতিক্রম করেন।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়লাভের মাধ্যমে নরেন্দ্র মোদি জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন।

এদিকে, গত কয়েক দশকে ভারতের গণতান্ত্রিক পরিসরও উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। দেশটির প্রথম সাধারণ নির্বাচনে (১৯৫১-৫২) রাজনৈতিক দলের সংখ্যা ছিল ৫৩টি, যা ২০২৪ সালের নির্বাচনে বেড়ে দাঁড়িয়েছে ৭৪৪টিতে। একই সময়ে ভোটারের সংখ্যা ১৭ কোটি থেকে বেড়ে ৮৩ কোটিরও বেশি হয়েছে।