প্রচ্ছদ জাতীয় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদনে উঠে এল যেসব চাঞ্চল্যকর তথ্য

৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদনে উঠে এল যেসব চাঞ্চল্যকর তথ্য

৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদনে উঠে এল যেসব চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই সঙ্গে শিশুদের মৃত্যুতে চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলেও প্রতিবেদনে উঠে এসেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তদন্ত প্রতিবেদনের বরাতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়। দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা হয়। সেই সঙ্গে বন্ধ কক্ষে বায়ু চলাচল কমে যাওয়ায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, শিশুদের মৃত্যুতে চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। এ ঘটনায় বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী রোববারের (৭ জুন) মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জুন) তদন্ত প্রতিবেদনটি জমা দেয়া হয়।

গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় মামলাটি রেকর্ড করা হয়। সেদিন রাতেই মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম।

অন্যদিকে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে প্রথমে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরবর্তীতে তারা ৩ জুন পর্যন্ত সময় চায়। এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

সূত্র : চ্যানেল 24