প্রচ্ছদ জাতীয় বিএনপি-জামায়াতের দুর্বলতায় লীগ ফিরলে বিপদ শুধু আমাদের

বিএনপি-জামায়াতের দুর্বলতায় লীগ ফিরলে বিপদ শুধু আমাদের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই ‘ইনসিকিউরিটিতে’ ভুগছে।

সোমবার (১ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শঙ্কা প্রকাশ করে লেখেন, আগামীতে বিএনপি ক্ষমতায় থেকে ‘বহুদলীয় গণতন্ত্র’ করে নেবে এবং জামায়াত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে, যার ফলে আসল বিপদে পড়বে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা তরুণরা।

মাহফুজ আলম লেখেন, লীগ প্রশ্নে এখন যা চলছে, তা হচ্ছে দুই বড় দলের ইনসিকিউরিটি। কৌন বনেগা লীগকা বাপ? ’৮৬ আর ’৯৬-এর স্মৃতি বিএনপি ভুলতে পারছে না আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা/সহিংসতার ভয়ে, যা বিএনপি-লীগের ’৯০ দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসারিত।

তিনি বলেন, আগামীতে বিএনপি (আল্লাহ না করুক) ক্ষমতায় থেকে ‘বহুদলীয় গণতন্ত্র’ করে নেবে আর জামায়াত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসল বিপদ এ প্রজন্মের যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, তাদের। সে বিপদ আরো ত্বরান্বিত হয়েছে জামায়াত জোটে যাওয়ায়।

মাহফুজ আলম তরুণদের উদ্দেশে বলেন, এ প্রজন্ম ব্যস্ত নিজেদের হাতের তালুর চেয়ে ছোট রুটি ভাগাভাগিতে। রুটিটা বড় করেন। আপনাদের তাকদ আছে এ জাতিকে, গ্লোবাল সাউথকে লিড দেওয়ার। তিনি প্রতিষ্ঠান গঠন, সমাজে প্রভাব বিস্তার ও দীর্ঘমেয়াদি লড়াই ও সংহতির ভিত্তি তৈরি করার আহ্বান জানান।

তিনি লিখেছেন, বড়রা হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে এ প্রজন্মকে। এভাবেই খেয়ে ফেলা হয় তরুণদের। সেটা ’৭০ এর দশকে, ’৯০-এর দশকেও ঘটেছে। লড়াইটা প্রজন্মের। আগের প্রজন্ম আপনাদের বাঁচাবে না।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে ব্যক্তি আক্রমণ আর বিদ্বেষচর্চা বন্ধ করেন। কিবলা রাখেন জুলাই আর অ্যান্টি-ফ্যাসিজম। আমরা ফ্যাসিস্ট লীগ তাড়াইছি নিশ্চিত মৃত্যু জেনে। সেই সাহসের সঙ্গে এখন সাংগঠনিক শক্তি আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা যুক্ত করেন। ফ্যাসিবাদ কোনো ফর্মেই আর ফিরতে পারবে না।