
গত তিন দিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। এর প্রতিবাদ জানাতে সীমান্ত সফরের ঘোষণা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবে তাঁর দাবি, এনসিপির আগমনের খবর পেয়ে আগেই সরে গেছে শুভেন্দুর বাহিনী।
বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। এ দেশের এক ইঞ্চি মাটিও পুশইনের মাধ্যমে ভারতকে দখল করতে দেব না।
তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের রাত জেগে পাহারা দেওয়ার পাশাপাশি যেকোনো প্রয়োজনে বিজিবি ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমাদের সরকার ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার করা হবে। সীমান্ত এলাকায় আরও বেশি স্কুল-কলেজ নির্মাণ করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি মেনে সীমান্তসংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দীন পাটোয়ারীর অভিযোগ, কোনো ধরনের দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সফরের পরিকল্পনা অনুযায়ী সীমান্ত পরিদর্শন শেষে বেনাপোল পর্যটন মোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা ছিল। তবে সীমান্তে তাঁর আগমনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলে কর্মসূচি শেষ করেন।
এদিকে সীমান্ত পরিদর্শন শেষে চেকপোস্ট সড়কে পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্লোগান দিয়ে তাঁকে ধাওয়া করেন বলে জানা গেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তিনি সহকর্মীদের নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।
সাম্প্রতিক সময়ে বেনাপোল সীমান্তে পুশইন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতার এ সফর স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৩১ মে রাতে বেনাপোল সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে শতাধিক মানুষকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। পরে তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনকে কাঁটাতারের গেট খুলে সাদিপুর মাঠের শূন্যরেখায় ছেড়ে দেওয়া হয়। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। এরপরও ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এ পরিস্থিতির প্রতিবাদ জানাতে নাসির উদ্দীন পাটোয়ারী সীমান্ত সফরের ঘোষণা দেন।
সূত্র: বাংলাদেশ টাইমস













































