প্রচ্ছদ জাতীয় ২ তরুণীসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট, তদন্তে যা উঠে এলো

২ তরুণীসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট, তদন্তে যা উঠে এলো

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ (২৩) হত্যা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়টির দুই ছাত্রীসহ ৯ জনকে অভিযুক্ত আসামি করা হয়েছে।

রোববার (৩১ মে) আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ইউনিভার্সিটির প্রক্টর অফিসে মীমাংসার পর ‘ক্ষমা’ চেয়েছিলেন পারভেজ। তবে দুই ছাত্রীর ঐশী ও টিনার প্ররোচনায় হত্যাকাণ্ডের শিকার হন পারভেজ।

প্রসঙ্গত, গত বছরের ১৯ এপ্রিল ছুরিকাঘাতে নিহত হন পারভেজ। ঘটনায় জড়িত সবাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওইদিন রাতে বনানী থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পারভেজ তার দুই বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী শিক্ষার্থী ইভটিজিংয়ের অভিযোগ করেন এবং তাদের বন্ধুবান্ধবদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করলেও উত্তেজনা থেমে থাকেনি।

এরপর ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী ঘটনাটিকে নতুন রূপ দিয়ে হাজারীপাড়া এলাকার কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতের শিকার হয়ে পারভেজ প্রধান গেটের দিকে পালাতে গেলে আবারও আঘাতের শিকার হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।