
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামের মুসল্লিরা আগামীকাল বুধবার (২৭ মে) ঈদুল আজহা উদযাপন করবেন। এ উপলক্ষে সকাল ৯টায় জেলার তিনটি উপজেলার ১০টি মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বড় পীর হযরত আবু মুহাম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (রহ.)-এর মতাদর্শ অনুসরণকারী কাদেরিয়া তরিকার অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। প্রায় শতবর্ষ ধরে চলে আসা এ প্রথা অনুযায়ী তারা একদিন আগে রোজা শুরু করেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহাও একদিন আগে উদযাপন করেন।
ঈদ উদযাপনকারী গ্রামগুলো হলো- নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর।
যেসব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে- বসন্তবাগ সিনিয়র মাদরাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, নগর বাড়ির দরজা জামে মসজিদ, ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর দায়রা বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর জামে মসজিদ, রামভল্লবপুর দায়রা শরিফ, হরিণারায়ণপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ এবং খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঙ্গীরি দায়রা শরিফ।
রশিদিয়া রহিমিয়া দরবার শরিফের ইমাম মোবারক হোসেন বলেন, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রোজা ও ঈদ উদযাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।
কাদেরিয়া তরিকার অনুসারী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন বলেন, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এবারও বিপুলসংখ্যক মুসল্লি জামাতে অংশ নেবেন।
গোলামে জাহাঙ্গীরি দায়রা শরিফের সাধারণ সম্পাদক সফিকুর রহমান বলেন, দীর্ঘ শত বছর ধরে তারা এই প্রথা অনুসরণ করে আসছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পারায় তারা আনন্দিত।
নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার বিভিন্ন মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি স্থানে পুলিশ মোতায়েন থাকবে।












































