প্রচ্ছদ অপরাধ ও বিচার পুলিশ পরিচয়ে চাঁদা তুলছিলেন, পরে বের হলো আসল পরিচয়

পুলিশ পরিচয়ে চাঁদা তুলছিলেন, পরে বের হলো আসল পরিচয়

কক্সবাজার শহরের ব্যস্ততম স্টেডিয়াম এলাকায় থেকে পুলিশের ইউনিফর্ম পরে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে হাতকড়াসহ পুলিশের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আতিক উল্লাহ আল মামুন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ডিগলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন দীর্ঘদিন ধরে তিনি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। মামুনের চলাফেরা ছিল অনেকটা ‘আসল পুলিশ’–এর মতোই। পুলিশের পোশাকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন তিনি। সাধারণ মানুষ তাকে প্রকৃত পুলিশ সদস্য বলেই মনে করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার মামুন পুলিশের পোশাক পরে লোকজনের কাছ থেকে চাঁদা আদায়ের পাশাপাশি অনৈতিক সুবিধা নিতেন। রোববার দুপুরে তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের ধারায় মামলা হয়েছে। তাকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।