প্রচ্ছদ জাতীয় এবার ‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের

এবার ‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ তথা শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সেনা ও পরিবহন ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

মূলত দেশের নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে আপস করা হবে না বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সীমান্ত সিল করার নির্দেশ দেয়ার পাশাপশি, সীমান্তে কাঁটাতার দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু। আর এবার একধাপ এগিয়ে উত্তরবঙ্গের চিকেনস নেকের নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শুভেন্দু অধিকারের নেতৃত্বাধীন বিজেপির সরকার।

মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে আটকে থাকা এই জমি হস্তান্তর প্রকল্প সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই গতি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি হস্তান্তর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। যে সমস্ত জমি কেন্দ্রের হাতে তুলে দেয়া হচ্ছে তা আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি।

তবে শুধু জমি নয়, ইতোমধ্যে ভারতের সুরক্ষার কথা ভেবে রাজ্যের হাতে থাকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের সাতটি সড়ক ন্যাশানাল হাইওয়ের হাতে তুলে দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং শিলিগুড়ি (দার্জিলিং মোড়)–কার্শিয়াং–দার্জিলিং সম্পূর্ণ অংশ।

এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে সীমান্ত এলাকায় পরিবহন ব্যবস্থায় গতি আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে রেশন সীমান্ত এলাকায় থাকা সেনাঘাঁটিগুলোতে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।

মূলত ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের শিলিগুড়ি করিডোর তথা ‘চিকেনস নেক’-কে ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি হিসেবে ধরা হয়। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের কাছাকাছি অবস্থান করা এই করিডোরই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ।

প্রসঙ্গত, ‘চিকেনস নেক’ অংশটি উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডরের মধ্যে পড়ে। এটি ২২ থেকে ৩৫ কিলোমিটার চওড়া, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব অংশের একমাত্র যোগসূত্র হওয়ায় এর গুরুত্ব অনেক। সরু বলেই একে মুরগির গলার সঙ্গে তুলনা করা হয়েছে। নিরাপত্তার দিক থেকে এতটা গুরুত্বপূর্ণ বলে, পশ্চিমবঙ্গের ৩১টি জায়গায় সিভিল ডিফেন্সের মক ড্রিল আয়োজনের যে পরিকল্পনা নেয়া হয়, তার মধ্যে ১৭টি ছিল চিকেনস নেক-এ।

সূত্র : চ্যানেল২৪