
সৌদিতে হজকালীন নিষেধাজ্ঞা অমান্য করে মক্কায় প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ মুকিব আলীকে কারাগারে পাঠিয়েছেন দেশটির আদালত।
জানা গেছে, গত ৯ মে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশের সময় তাকে আটকের পর গত বৃহস্পতিবার আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আজ সোমবার (১৮ মে) অথবা আগামীকাল মঙ্গলবার (১৯ মে) তাকে পুনরায় আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন মুকিব আলীর আইনজীবী। সৌদি আইন অনুযায়ী এ জন্য তিনিও দোষী সাব্যস্ত হতে পারেন। এর ফলে তাকে দেশে ফেরত পাঠানো এবং অন্তত ১০ বছরের জন্য সৌদিতে নিষিদ্ধ হতে পারেন তিনি।
হজ নির্বিঘ্ন করার লক্ষ্যে চলতি বছর হজের সময় মক্কায় প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ জরিমানার পাশাপাশি নানা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এমনকি ছাড় দেওয়া হচ্ছে না সৌদি নাগরিকদেরও।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহমেদ মুকিব আলীকে আটকের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তিনি গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরা পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। এখনো ফিরেননি।
সূত্র : দেশ রুপান্তর













































