প্রচ্ছদ জাতীয় ঘণ্টা পেরোনোর আগেই ভিসি নিয়োগ বাতিল

ঘণ্টা পেরোনোর আগেই ভিসি নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ প্রজ্ঞাপন জারির মাত্র এক ঘণ্টার মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ মে ২০২৬ তারিখে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭১.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে আদেশ দেওয়া হয়েছিল, তা জনস্বার্থে বাতিল করা হলো।

এর মধ্যে ২০৬ নম্বর স্মারকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলীকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর ২০৭ নম্বর স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পরবর্তীতে দুটি আদেশই বাতিল করায় অধ্যাপক শওকত আলী আপাতত ভিসি পদে বহাল থাকছেন।

জানা গেছে, অধ্যাপক আনিসুর রহমান সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের আত্মীয় হওয়ায় তার নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, রাজনৈতিক বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর দ্রুতই নিয়োগ আদেশ প্রত্যাহার করা হয়।