
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জেলা বিএনপি।
একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মাঝেও ফরম বিতরণ করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্বাচনে তিনটি বিষয় বিবেচনা করা হবে।
দলের জন্য ত্যাগ স্বীকার, নির্যাতিত হওয়া এবং বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সমাজে গ্রহণযোগ্য, অভিযোগমুক্ত, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।










































