
চট্টগ্রামের বায়েজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এক শিশু। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ শহিদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে যাওয়ার পথে একটি গুলি শিশুটির চোখে লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় একজন নিহত হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।













































