
ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দলটি।
গতকাল বুধবার (৬ মে) দিবাগত রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘চন্দ্রনাথ রথের নৃশংস হত্যার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে বিজেপির দুষ্কৃতীদের হাতে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিন জন তৃণমূলকর্মীর মৃত্যুরও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এ বিষয়ে আমরা কঠোরতম পদক্ষেপ দেখতে চাই। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, যাতে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। গণতন্ত্রে সন্ত্রাস ও রাজনৈতিক খুনোখুনির কোনো স্থান নেই।’
একই দিন রাতে মধ্যমগ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায়। গাড়ির কাচ ভেদ করে একটি গুলি তার বুকে লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
উল্লেখ্য, ঘটনার কিছুক্ষণ পরই নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় তৃণমূল কংগ্রেস।












































