
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এক পরিবারে দুইজনকে এমপি হওয়ার সুযোগ দেওয়ার নীতি না থাকার কারণে সংরক্ষিত নারী আসনে দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি। বিষয়টি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জোটটির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার পর এ কথা জানান তিনি।
জামায়াত আমিরের স্ত্রী আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন।
হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আছে। তবে শুধু সেই জায়গা থেকে নয় বরং নীতিগত কারণে এক পরিবারে দুইজন এমপি দেওয়া হয়নি। তার পরিবর্তে শহীদ পরিবারের একজন সদস্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জামায়াতের এ নেতার মতে, তাদের জোটের প্রতিনিধিরা সংসদে গিয়ে জনকল্যাণ ও দেশের স্বার্থে কাজ করবেন এবং সরকারের যেকোনো জনবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবেন।
একই সঙ্গে তাদের মনোনীত প্রার্থী বাছাইয়ে বিভিন্ন পেশাজীবী যেমন চিকিৎসক, প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
সূত্র: news24bd











































