প্রচ্ছদ জাতীয় জামিন পেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

জামিন পেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে (৩৫) জামিন দিয়েছেন আদালত। ঢাকার গুলশান থানায় করা মামলায় মঙ্গলবার (২১ এপ্রিল) জামিন পান তিনি। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৭ এপ্রিল রাত ৮ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার ভাড়া বাসা থেকে নাসিমকে গ্রেপ্তার করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়ের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

পরদিন আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশানের নিজ বাসায় অবস্থানকালে বাদী মো. নজরুল ইসলাম দেখতে পান, চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট করেন নাসিম। ছবির ক্যাপশন দেওয়া হয়, ‘সাগর থেকে তিনটা তিমি মাছ নিয়ে এসেছি, দুইটা হাঙর আসতেছে ইনশা আল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ।’

সাইবার সুরক্ষা আইনে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন চিফ হুইপের কর্মী মো. নজরুল ইসলাম। তার অভিযোগ, আসামির ফেসবুক থেকে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়। এমনকি চিফ হুইপের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে।