
বৈধ কাগজপত্র না থাকায় বিদেশের মাটিতে জেল খেটে দেশে ফেরার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হলো। কুয়েত থেকে ফেরত পাঠানো নুরুল ইসলাম সাগর (৩৫) শনিবার (১৮ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিদেশের কারাপ্রকোষ্ঠ থেকে মুক্তি পেলেও নিজ বাড়ির আঙিনায় জীবিত পৌঁছাতে পারলেন না তিনি।
নিহত নুরুল ইসলাম সাগর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন।
পারিবারিক ও বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে সচ্ছলতার আশায় কুয়েতে পাড়ি জমিয়েছিলেন সাগর। তবে বৈধ কাগজপত্র না থাকায় সেখানে পুলিশ তাকে আটক করে। ১৫ দিন কারাভোগের পর শনিবার রাতে তাকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। রাত ১টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দর পুলিশ তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাগরের ছোট বোন শেফালী আক্তার আরজু জানান, তার ভাই শারীরিকভাবে সুস্থ ছিলেন। তবে প্রবাসে পুলিশের হাতে ধরা পড়া এবং কারাভোগের কারণে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাগরের মরদেহ ফেনীর নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, মরদেহটি পারিবারিকভাবে দাফনের প্রক্রিয়া চলছে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।













































