
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন রেখে বলেছেন, ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না?
তিনি বলেন, আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।
এর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেনপ অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন।
নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রেক্ষিতে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে। আশা করি, এটাতে এমপি হাসনাত আব্দুল্লাহর কোনও আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।













































