
ভিসা বাতিলের দাবি ও সফর ঘিরে সৃষ্ট বিতর্কের মধ্যেই পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগ করেন তিনি।মানচিত্র দেখুন
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা থাকলেও মালয়েশিয়া সফর বাদ দিয়েই দেশে ফিরছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ইতিহাস, শফিকুর রহমানের অতীতের বিভিন্ন বক্তব্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে তাঁর ভিসা বাতিলের দাবি জানানো হয় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে। একই সঙ্গে তাঁকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আলবানিজ সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।মানচিত্র দেখুন
অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন জামায়াত আমিরের সফরের বিরোধিতা করে ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে তাঁর অতীতের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।মানচিত্র দেখুন
অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অতীতে ইসরায়েলের কয়েকজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া ভিসাসংক্রান্ত পদক্ষেপের উদাহরণ তুলে ধরে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা জানতে চেয়েছেন তিনি।
জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমনও। সোমবার (২৩ নভেম্বর) দেশটির সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ প্রকাশিত ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?’ শীর্ষক নিবন্ধে তিনি শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জামায়াতের তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর নিবন্ধে।
এদিকে জামায়াত আমিরের সফর নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সিডনির বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি। তাঁদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন প্রবাসে ছড়িয়ে পড়লে এখানকার বাংলাদেশিদের দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
সিডনির বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব ও বিবিয়ানা প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী শিপন আহমদ বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ভূমিকা আমরা ভুলে যাইনি। পাকিস্তানি বাহিনীর সহযোগীদের কর্মকাণ্ডের ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা প্রয়োজন। অতীতের সেই ইতিহাসের দায় স্বীকার না করে জামায়াতের নেতৃত্ব বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দাবি করলে তা নিয়ে প্রশ্ন উঠবেই। তাঁর মতে, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ জামায়াতের রাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়া বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির বর্তমান নেতৃত্বকে অতীতের কর্মকাণ্ডের জবাব দিতে হবে। এসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রবাসে জামায়াতের পক্ষে জনমত গঠনের চেষ্টা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগের বিষয়েও শফিকুর রহমানের জবাব দাবি করেন তাঁরা।মতামত কলাম পড়ুন
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি জানান, অস্ট্রেলিয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কিংবা ধর্মীয় বিদ্বেষের কারণে প্রবাসের এই পরিবেশ নষ্ট হোক, তা তাঁরা চান না।
তাঁদের ভাষ্য, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের পরিচিতি তুলে ধরছেন। অথচ জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে দেশটির জাতীয় সংবাদমাধ্যমে এখন উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে। একটি রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে মনে করেন তাঁরা।
গত শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া সফরে সিডনিতে পৌঁছান জামায়াত আমির। শনিবার (২১ নভেম্বর) সিডনির চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। একই দিনে সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
রবিবার (২২ নভেম্বর) পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার কারণে জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়া সরকার। তবে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানা গেছে।










































