
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরেই দেশে ফেরার আগ্রহ প্রকাশের পর এবার ফেরার নির্দিষ্ট তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরের কথা জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
তবে বিষয়টি সামনে আসার পর নতুন প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, আগামী ১৬ ডিসেম্বর ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো নিয়মিত ফ্লাইট নেই। তাহলে কীভাবে দেশে ফিরতে চান শেখ হাসিনা? তিনি কি বিশেষ বিমান পাঠানোর প্রত্যাশা করছেন? আর বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে আদৌ কি এমন ফ্লাইট পরিচালনা সম্ভব?
এর আগে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের খবরও প্রকাশ করেছিল রয়টার্স। সে সময় সরকার জানিয়েছিল, দণ্ডিত আসামি হিসেবে তাকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা নেই। অন্যদিকে, বাংলাদেশ সরকার চাইছে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে।
এর মধ্যে কয়েক দিন আগে ভারতের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়েও নানা আলোচনা তৈরি হয়। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামনে এসেছে বিমান চলাচলসংক্রান্ত নানা প্রশ্ন।
নিয়মিত ফ্লাইট নেই, তবে বিশেষ বিমান পাঠানো সম্ভব
ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট সপ্তাহে দুই দিন পরিচালিত হয়। বর্তমান সূচি অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দিল্লিতে ফ্লাইট যায় এবং পরদিন শুক্রবার ফিরতি ফ্লাইট পরিচালিত হয়।
কিন্তু ১৬ ডিসেম্বর বুধবার। ফলে ওই দিন ঢাকা-দিল্লি রুটে বিমানের কোনো নিয়মিত ফ্লাইট নেই।
তবে নিয়মিত সূচির বাইরে বিশেষ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। রাষ্ট্রীয় প্রয়োজনে, জরুরি পরিস্থিতিতে কিংবা বিশেষ যাত্রী পরিবহনের জন্য এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেও বিভিন্ন বিদেশ সফরে বিমানের বিশেষ ফ্লাইট ব্যবহার করেছেন। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
এভিয়েশন সংশ্লিষ্টদের মতে, সরকারের প্রয়োজনীয় সিদ্ধান্ত ও অনুমোদন থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারে। সে ক্ষেত্রে প্রথমে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। এরপর উড়োজাহাজ নির্বাচন, পাইলট ও কেবিন ক্রু নির্ধারণ, উড্ডয়ন পরিকল্পনা এবং অন্যান্য পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
তবে শুধু বাংলাদেশের সিদ্ধান্তই যথেষ্ট নয়। দিল্লিতে বিমান পাঠাতে হলে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতিও প্রয়োজন হবে।
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, আগাম অনুমতি ছাড়া কোনো দেশের আকাশসীমায় অন্য দেশের উড়োজাহাজ প্রবেশ করতে পারে না। শুধু অনুমতি নিলেই হবে না, উড়োজাহাজটি কখন আসবে, কোন পথে প্রবেশ করবে এবং কোথায় অবতরণ করবে—এসব তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকে জানাতে হয়।
তার ভাষ্য অনুযায়ী, কোনো দেশের অনুমতি ছাড়া সেই দেশের আকাশসীমায় উড়োজাহাজ প্রবেশ করলে তা আকাশসীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে প্রতিহত করার ব্যবস্থাও নিতে পারে।
অর্থাৎ বাংলাদেশ সরকার বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিলেও ভারতের অনুমতি ছাড়া সেই উড়োজাহাজ দিল্লিতে অবতরণ করে শেখ হাসিনাকে নিয়ে আসতে পারবে না।
বিশেষ ফ্লাইট পরিচালনায় যেসব অনুমতি প্রয়োজন
নির্ধারিত সময়সূচির বাইরে বিশেষ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কয়েকটি প্রশাসনিক ও কারিগরি ধাপ অনুসরণ করতে হয়।
প্রথমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে উপযুক্ত উড়োজাহাজ ও প্রয়োজনীয় জনবল প্রস্তুত করতে হবে।
পরবর্তী ধাপে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফ্লাইটের উদ্দেশ্য, যাত্রীর পরিচয়, যাত্রার সময় এবং নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য দিয়ে অনুমতি চাইতে হবে। একই সঙ্গে দুই দেশের সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র এবং বিমানবন্দরের অবতরণ ও উড্ডয়নের সময়সীমা বা স্লট নিশ্চিত করতে হবে।
সবশেষে যাত্রীর অভিবাসন, নিরাপত্তা, কাস্টমস এবং বাংলাদেশে অবতরণের পর তাকে গ্রহণের দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন হবে।
তবে শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি সাধারণ কোনো ভিআইপি যাত্রী পরিবহনের মতো নয়। কারণ, তিনি বাংলাদেশের আদালতে দণ্ডিত এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে প্রত্যর্পণসংক্রান্ত কূটনৈতিক প্রক্রিয়াও রয়েছে।
বিমান পাঠানো আর প্রত্যর্পণ এক বিষয় নয়
শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিমান পাঠানো এবং একজন ব্যক্তিকে অন্য দেশ থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্পূর্ণ আলাদা বিষয়।
বিমান পাঠানো মূলত বিমান পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। কিন্তু ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হলে প্রত্যর্পণসহ সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বাংলাদেশ সরকার তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চাইলে ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও সম্মতি প্রয়োজন হবে।
এ ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ব্যবহার করা হবে, নাকি অন্য কোনো রাষ্ট্রীয় পরিবহনব্যবস্থা কাজে লাগানো হবে, তা নির্ভর করবে দুই দেশের সমঝোতা, আইনি প্রক্রিয়া ও বাস্তব পরিস্থিতির ওপর।
অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানই একমাত্র সম্ভাব্য মাধ্যম—এমন কোনো বাধ্যবাধকতা নেই।
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান কী?
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থানে পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় রাখা হবে।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান, হেলিকপ্টার কিংবা বাস পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর মধ্যে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দিল্লি দুটি শর্ত দিয়েছে। এর মধ্যে একটি শর্ত ছিল, সামরিক বিমান পাঠিয়ে তাকে নিয়ে যেতে হবে।
তবে ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো শর্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও এ ধরনের শর্তের বিষয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার কথা জানাননি।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত রাজনৈতিক ও কূটনৈতিক
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট না থাকলেও বিশেষ ফ্লাইট পরিচালনার কারিগরি সুযোগ রয়েছে। প্রয়োজনীয় উড়োজাহাজ, ক্রু, বিমানবন্দরের স্লট এবং আন্তর্জাতিক অনুমতি পাওয়া গেলে নির্ধারিত সময়সূচির বাইরেও ফ্লাইট পরিচালনা করা সম্ভব।
কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি শুধু একটি বিমান পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। তাকে কোন আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে, ভারত তাকে হস্তান্তরে সম্মত হবে কি না, কোন উড়োজাহাজে তাকে আনা হবে এবং বাংলাদেশে অবতরণের পর কোন সংস্থা তাকে গ্রহণ করবে; এসব প্রশ্নের নিষ্পত্তি প্রয়োজন।
তাই ১৬ ডিসেম্বর ঢাকা-দিল্লি রুটে বিমানের নিয়মিত ফ্লাইট না থাকাটা মূল বাধা নয়। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব হলেও সেটি কার্যকর করতে প্রয়োজন হবে একাধিক অনুমোদন ও সমন্বয়।









































