প্রচ্ছদ জাতীয় কেন ছাত্রলীগ কর্মীদের এনসিপিতে সুযোগ, কারণ জানালেন নাহিদ

কেন ছাত্রলীগ কর্মীদের এনসিপিতে সুযোগ, কারণ জানালেন নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে—ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক—কার সাবেক পরিচয় কী, তা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক ও নেতাকর্মী হিসেবেই কাজ করবে। সময়ের সাথে সাথে নিত্যনতুন প্রয়োজন দেখা দেয়, তাই প্রতি মুহূর্ত আমাদের প্রস্তুত থাকতে হবে।”

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এনসিপির আদর্শ ধারণ করে কাজ করবে, তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতিতে যারা অভিযুক্ত, সন্ত্রাসী— এ ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে সামনের দিনে আগাতে চাই। ফলে আজকে যারা আসছে আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন, আমরা একসঙ্গেই আসলে ছিলাম— হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন।

এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা থাকবে। সর্বোপরি বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে, এজন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। এখন আগের বন্দোবস্তে দেশ চলছে। আপনারা দেখছেন সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্যদিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি আমরা কোনো দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই।

নাহিদ ইসলাম বলেন, যখন জুলাই গণঅভ্যুত্থান থেকে এনসিপি হলো আর অনেকগুলা প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হবে আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি।