প্রচ্ছদ জাতীয় বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি। প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে ত্রিবেদীর নিয়োগে সম্মতি চাওয়া হবে। এই রাজনীতিককে বাংলাদেশে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের প্রতি জবাবদিহিতার বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

ইউপিএ আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দিনেশ ত্রিবেদী। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি।

দিনেশ ত্রিবেদীর এই নিয়োগকে মোদি সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস। গুরুত্বপূর্ণ দেশগুলোর দূত হিসেবে সাধারণত ভারতের ফরেন সার্ভিস কর্মকর্তাদেরই নিয়োগ দেয়া হয়। তবে প্রয়োজনবোধে কাঙ্ক্ষিত এসব পদায়নের ক্ষেত্রে এখন থেকে রাজনৈতিক নেতাদেরও বিবেচনা করবে ভারতের সরকার।

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আশ্রয় দেয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে চলতি বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় আগ্রহ দেখিয়েছে ভারত।