প্রচ্ছদ আন্তর্জাতিক হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী

হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে একটি প্রতিনিধিদলের সঙ্গে ইরানে পৌঁছেছেন। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংলাপ শুরু করার বিষয়ে আলোচনার অংশ হিসেবে একটি প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ইরানে অবতরণ করেছেন।

এছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের লাইভ আপডেটে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনার ধারাবাহিকতায় বুধবার পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরানে পৌঁছেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিয়েছেন। আর এ জন্য চীন খুবই সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনোই অবরুদ্ধ থাকবে না।

বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া নতুন পোস্টে চীনের উদ্দেশে ট্রাম্প এমন নমনীয় বার্তা দেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালি খুলে দিয়েছি। এতে চীন খুবই খুশি হবে। আমি এটা তাদের ভালোর জন্য এবং বিশ্বের জন্যও করছি। এমন অচলাবস্থার মতো পরিস্থিতি কখনই পুনরাবৃত্তি হবে না।’

ট্রাম্প বলেন, ‘ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে গভীর ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি সংঘাতে জড়ানোর চেয়ে ভালো নয়?’