
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় সহযোগিতার অভিযোগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তারা। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এক চিঠির মাধ্যমে এই আনুষ্ঠানিক দাবি জানান।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আলরুয়াইয়ের কাছে পাঠানো ওই চিঠিতে ইরাভানি উল্লেখ করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
ইরানের দাবি অনুযায়ী, ওই পাঁচটি দেশ তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দিয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে ইরানে হামলা চালাতে সরাসরি সহায়তা করেছে।
চিঠিতে আরও বলা হয়, দেশগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। পাশাপাশি হামলায় অংশ নেওয়া বা সহায়তা করায় এই দেশগুলোকে ক্ষয়ক্ষতির দায়ভার গ্রহণ করতে হবে। হামলার ফলে ইরানের যে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় হাজার হাজার মানুষ হতাহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আঘাত হানে ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে। এই পাল্টাপাল্টি হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে পরলে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
সংকট নিরসনে গত রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টা দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো পক্ষই সমঝোতায় পৌঁছাতে পারেনি।












































