
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।
রোববার পৃথক প্রজ্ঞাপন বা আদেশ থেকে এসব বদলি-পদোন্নতির তথ্য জানা যায়। এতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদেও রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে আনসারের ডিজির দায়িত্ব পালন করা মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিআইপিএসওটি বা বিপসটের কমান্ড্যান্ড করা হয়েছে। বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীর চারটি ডিভিশনে নতুন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) বা এরিয়া কমান্ডার নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল সাজেদুর রহমানকে এনডিসি থেকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি, ৭ পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনে বদলি করা হয়েছে। এ ছাড়া ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসাইনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের এবং মেজর জেনারেল মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এনডিসির সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি) পদে পদায়ন করা হয়েছে।








































