প্রচ্ছদ জাতীয় সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড

সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে সরকার। এবার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা সয়াবিনের দাম ছিল ১৮৫ টাকা। নতুন এই দর আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতোই ১৬৬ টাকা রাখা হয়েছে।

চলতি বছর কয়েক দফায় বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল তা চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে এক বছরে প্রতি লিটারে দাম বেড়েছে ১২ টাকা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতির কথা জানিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির চিত্র তুলে ধরে। পরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে দাম বাড়ানো হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। রমজান সামনে রেখে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্যবসায়ীরা।

তবে সরকারের এই সিদ্ধান্তকে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, রমজানের আগে দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবে সয়াবিন তেলের আমদানিকারকরা সরবরাহ বন্ধ করে দেন, যাতে সরকার দাম বাড়াতে বাধ্য হয়। এমনিতেই সীমিত আয়ের মানুষ নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে রয়েছেন। নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ায় বাজারে অস্থিরতা আরও বাড়বে।

এদিকে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, ডিলাররা অঘোষিতভাবে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেন। এতে খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়েন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দাম বেড়েছে ১০ শতাংশ।

অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আমদানি প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের তীব্র সংকট তৈরি হয়েছিল। ওই সময় ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি বন্ধ এবং ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম অস্বাভাবিক বেড়ে যায়। সেই পরিস্থিতিতে দেশের বাজারেও ভোজ্যতেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।