
দেশব্যাপী তিন দিনব্যাপী টানা ৭২ ঘণ্টার ‘গণসংযোগ ও গণপ্রতিবাদ’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ১৪, ১৫ ও ১৬ নভেম্বর ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানায়, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে’ স্লোগানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলটির দাবি, দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে ৮ দফা দাবির লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচারণা ও গণসংযোগ করা হবে। ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে দেশব্যাপী গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৬ নভেম্বর দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে ৮ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। একই দিনে বিদেশে বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধান কার্যালয়েও প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছে।
আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে—দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি, দ্রব্যমূল্য ও জ্বালানি ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা।
এ ছাড়া দলটি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৮ দফা দাবি বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
কর্মসূচির শেষাংশে আওয়ামী লীগের পক্ষ থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।








































