প্রচ্ছদ জাতীয় নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে হাসিনার চিঠি

নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে হাসিনার চিঠি

ভারত থেকে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা।

হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি অনুযায়ী, ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এ ধরনের প্রথম আবেদন।

আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি আওয়ামী লীগ সভাপতির সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার এই উদ্যোগে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সে লক্ষ্যেই সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।