প্রচ্ছদ জাতীয় গোলাম মাওলা রনির স্ত্রী দাবি করে কাবিননামা সামনে আনলেন ফারজানা

গোলাম মাওলা রনির স্ত্রী দাবি করে কাবিননামা সামনে আনলেন ফারজানা

বিশিষ্ট টক-শো ব্যক্তিত্ব ও সাবেক এমপি গোলাম মাওলা রনি- ফারজানা আফরোজকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার পর এবার বিয়ের কাবিননামা প্রকাশ করলেন ফারজানা আফরোজ। তার দাবি, রনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে তাকে বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তিনি কাবিননামা প্রকাশ করেন।

কাবিননামা প্রকাশ করে ফারজানা আফরোজ বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

তিনি বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

কাবিননামায় দেখা যায়, ২০২২ সালের ১৩ মে ফারজানা আফরোজকে বিয়ে করেন রনি।

তবে এ বিষয়ে গোলাম মাওলা রনির মোবাইলে একাধিকবার কল ও ম্যাসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানান প্রতিবেদক।

এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন রনি। তিনি ওই নারীর ছবি শেয়ার করে স্ট্যাটাসে লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’