প্রচ্ছদ জাতীয় ৭ নভেম্বর সরকারি ছুটি, পাচ্ছেন না যারা

৭ নভেম্বর সরকারি ছুটি, পাচ্ছেন না যারা

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা নতুন করে কোনো অতিরিক্ত ছুটি পাচ্ছেন না। সাপ্তাহিক ছুটির দিনেই পড়েছে দিবসটি।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি পালন করা হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে এখন থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে। দিবসটি উপলক্ষে প্রতিবছর সরকারি ছুটি থাকবে। তবে চলতি বছরের ক্যালেন্ডার অনুযায়ী ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাড়তি ছুটি ভোগের সুযোগ তৈরি হচ্ছে না। কারণ, দিনটি এমনিতেই তাদের সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে জাতীয় পর্যায়ে দিবসটি পালনের পাশাপাশি প্রতিবছর সাধারণ ছুটিও কার্যকর হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরগুলোতে ৭ নভেম্বর কর্মদিবসে পড়লে সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ভোগ করতে পারবেন। তবে চলতি বছর শনিবার হওয়ায় নতুন করে ছুটির দিন বাড়ছে না।