
রিকশাচালক সাগরের রিকশার তার কাটার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সহানুভূতি ও সহযোগিতার আহ্বান। তবে এবার সাগরের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি এবং অনুদানের অর্থ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন এক নেটিজেন। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
ওই নেটিজেনের দাবি, রাস্তায় রিকশার তার কাটার সময় ধারণ করা ভিডিওতে সাগরকে কাঁপতে দেখা গেলেও পরবর্তী ভিডিও কল ও সাক্ষাৎকারে তাঁর মধ্যে একই ধরনের কাঁপুনি বা কথার জড়তা তেমন চোখে পড়েনি। এ বিষয়টি থেকেই তাঁর মনে সন্দেহ তৈরি হয়েছিল বলে জানান তিনি। তবে ভিডিও দেখে কারও শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
এদিকে, সাগরের এক প্রতিবেশী পরিচয়ে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিবার ও আর্থিক অবস্থা নিয়ে কয়েকটি দাবি করেছেন। ওই ব্যক্তির বক্তব্য অনুযায়ী, সাগরের রিকশাটি তাঁর নিজের, সাক্ষাৎকার নেওয়া গ্যারেজটি তাঁর বাবার এবং তাঁদের পরিবার বাঁশের ঘরে নয়, ভাড়া ফ্ল্যাটে বসবাস করে। পাশাপাশি সাগরের মায়ের অন্যের বাড়িতে কাজ করার বিষয়ে দেওয়া বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এ ছাড়া অনুদানের অর্থ নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। ওই নেটিজেনের দাবি, বিপুল পরিমাণ অর্থ সহায়তা পাওয়ার পর সাগর আর টাকা না নিয়ে সেই অর্থ দিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে চান বলে জানিয়েছেন। কিন্তু এ বিষয়ে সাক্ষাৎকার চলাকালে তাঁর মা ও আশপাশের কয়েকজনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।










































