
উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় ভয়াবহ দুর্ঘটনা! উত্তর প্রদেশের কানপুরে গঙ্গার তীরের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই পাইলট। নিহতদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন ছিলেন অভিজ্ঞ প্রশিক্ষক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা।
বৃহস্পতিবার সকালে কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের বিমানটি। সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়নের পর প্রায় ২০ মিনিটের মাথায় প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি। তাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন। নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হবে।
ঘটনাস্থলের দৃশ্যে দেখা গেছে, ঘাস ও গাছপালায় ঘেরা এলাকায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে আছে। বিমানের ধাতব অংশগুলো দুমড়েমুচড়ে গেছে এবং ডানা ও সাদা প্যানেলগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এই কঠিন সময়ে তাদের শক্তি জোগানোর জন্য প্রার্থনা করেছেন। এনডিটিভি








































