প্রচ্ছদ জাতীয় ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

রংপুরে পীরগাছায় মনোয়ারুল বকসি (৩০) নামে এক ছাত্রদল নেতা মৃত্যুতে পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগে থানা ঘেরাও করেছেন তার স্বজনরা। শনিবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে তারা মরদেহ নিয়ে থানার সামনে অবস্থান।

পরে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মৃত মনোয়ারুল বকসি ঢাকার সাভার থানা ছাত্রদলের সহসভাপতি। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্ধা গ্রামের জাফর বকসির ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই পীরগাছা উপজেলার এক কিশোরী (১৫) নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মেয়েটির পরিবার। ওই জিডির সূত্র ধরে পীরগাছা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই কিশোরীর অবস্থান শনাক্ত করেন। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে মেয়েটির সন্ধানে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারে অভিযান চালায় পুলিশ।

পুলিশের দাবি, অভিযান চলাকালে তারা জানতে পারেন, ভবনের ছাদ থেকে কেউ নিচে পড়ে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে মনোয়ারুল বকসিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে স্বজনদের দাবি, মনোয়ারুল বকসির ভাগনে মোংলাকুটি গ্রামের শাহরিয়ার কবির সৌমিকের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেন। এ ঘটনায় ঢাকায় উদ্ধার অভিযানের সময় ওই কিশোরীর পরিবারের লোকজন পুলিশের সঙ্গে ছিলেন।

তাদের অভিযোগ, মনোয়ারুলকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইনগতভাবে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ ঘটনায় নিহতের স্বজনদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ সদস্যদের এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা, তা বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।