প্রচ্ছদ জাতীয় বিপ্লবীদের সরকারে যোগ দেওয়া ভুল ছিল, ইউনূসকে বেছে নেওয়া ছিল সঠিক: মাহমুদুর...

বিপ্লবীদের সরকারে যোগ দেওয়া ভুল ছিল, ইউনূসকে বেছে নেওয়া ছিল সঠিক: মাহমুদুর রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের পর ‘বিপ্লবীদের’ তিনজন—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের অন্তর্বর্তী সরকারের অংশ হওয়ার সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, বিশেষত শহীদ প্রকৌশলীদের স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনইএবি) অনুষ্ঠানের আয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের কয়েকজনের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ভুল ছিল। তাঁর মতে, বিপ্লবীদের ক্ষমতার বাইরে থেকে জুলাই বিপ্লবের দর্শন ও আদর্শ গড়ে তোলা এবং একটি বিপ্লবী রাজনৈতিক শক্তি সংগঠিত করা উচিত ছিল।

তিনি বলেন, ক্ষমতার ভেতরে গেলে সফলতার পাশাপাশি ব্যর্থতার দায়ও নিতে হয়। সেই কারণে আজ বিপ্লবীদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এখনো জুলাইয়ের ঘটনাকে আন্দোলন, অভ্যুত্থান নাকি বিপ্লব—সে বিষয়ে সুস্পষ্ট রাজনৈতিক বয়ান তৈরি হয়নি।

তবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, সে সময় দেশের পরিস্থিতিতে ইউনূসের বিকল্প নেতৃত্ব ছিল না।

অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সাবেক সেনা কর্মকর্তা ও গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী ‘ন্যাশনাল রিকনসিলিয়েশন ইনিশিয়েটিভ’ নামে জাতীয় পুনর্মিলনের একটি উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পারস্পরিক সংঘাত ও কাদা ছোড়াছুড়ির রাজনীতি কমিয়ে আনার চেষ্টা করা হবে।

সভায় জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ বর্তমান সংসদের কার্যক্রমের সমালোচনা করে বলেন, অনেক সদস্য বিষয়বস্তু না বুঝেই দলীয় নির্দেশনা অনুযায়ী ভোট দেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, সরকারের বিভিন্ন নজরদারি ব্যবস্থা নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করছে।

এনইএবির আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সংসদ সদস্য আতিক মোজাহিদ, ঢাকা জেলা উত্তর শাখার আহ্বায়ক নাবিলা তাসনিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জাহিদুজ্জামান তানভীনের মা বিলকিস জামান এবং জুলাই যোদ্ধা ইরফান কাদেরসহ অন্যরা।

সূত্র : ইত্তেফাক