
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অপহরণের শিকার চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়ে তিন অপহরণকারীকে, জব্দ করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রঃ) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন গতকাল (মঙ্গলবার)সকালে প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুল ছুটির পর দীর্ঘ সময় পার হলেও শিশু তাসকিন বাড়ি না ফেরায় চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে শিশুটির পরিবার।
একপর্যায়ে তাসকিনের এক সহপাঠী জানায়, এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশু তাসকিনকে তার বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে এই কথা বলে সিএনজি অটোরিক্সাতে তুলে নিয়ে গেছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে জেলা পুলিশের একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করে।
একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রাতভর অভিযান চালিয়ে অপহৃত সাত বছর বয়সী শিশু তাসকিনকে উদ্ধার করে। অভিযানে মোঃ রাকিব, মোঃ ফয়সাল এবং মোঃ জাহাঙ্গীর আলম নামে তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও।
পুলিশ আরো জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ ফয়সাল জানিয়েছে, সে ভিকটিম তাসকিনের আপন মামাতো ভাই। পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের জন্যই এই অপহরণ।












































