
মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (১৯ জুলাই) দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে সাময়িক বিভ্রাট দেখা দেয়। এ সময় বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়েন। অনেকের অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে চালু না হয়ে ‘Temporarily unavailable due to a site issue’ বার্তা প্রদর্শন করে।
হঠাৎ এ ধরনের বার্তা দেখে অনেক ব্যবহারকারী প্রথমে ধারণা করেন, তাদের অ্যাকাউন্ট হয়তো স্থগিত করা হয়েছে বা নিরাপত্তাজনিত কোনো সমস্যায় পড়েছে। তবে ফেসবুকের প্রদর্শিত বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, এটি প্ল্যাটফর্মের নিজস্ব প্রযুক্তিগত সমস্যা এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়।
প্রযুক্তি বিশ্লেষক মনজুর শরিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকাল ৮টার সময়ে মেটা জানিয়েছিল আপডেট চালুর সময় অত্যন্ত সতর্কতার পরও অপ্রত্যাশিত ত্রুটি দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আপডেট প্রত্যাহার বা দ্রুত সংশোধনের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।’
এ বিভ্রাটের প্রভাব পড়ে ফেসবুকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও ডিজিটাল মার্কেটিং কার্যক্রমেও। অনেকেই কিছু সময়ের জন্য যোগাযোগ ও কনটেন্ট প্রকাশে বিঘ্নের কথা জানিয়েছেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ ব্যবহারকারীর জন্য ফেসবুকের সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও কিছু ব্যবহারকারী বিচ্ছিন্নভাবে প্রবেশসংক্রান্ত সমস্যার কথা জানাচ্ছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের নির্দিষ্ট কারণ সম্পর্কে মেটা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। যদি এটি বৈশ্বিক কোনো আপডেট বা রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে, তবে প্রযুক্তিগত পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।












































