
বাংলাদেশ শুটিং ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-সহ) অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (১৮ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ শুটিং ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ শুটিং ফেডারেশনের জন্য নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছেন।
উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান। সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে- ইশতিয়াক আহমেদ বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, মোহাম্মদ ফরিদ আলম, ইমরান চৌধুরী এবং মুহাম্মদ কামরুল হাসান। এছাড়াও সাধারণ সম্পাদক হয়েছেন সাকিফ শামীম, যুগ্ম সম্পাদক যথাক্রমে শারমিন আক্তার রত্না ও ডি এম রফিকুল ইসলাম রাজিব, কোষাধ্যক্ষ হয়েছেন মুক্তিযোদ্ধা এড: মাহফুজুল ইসলাম জানু। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মো. উজ্জ্বল হোসেন, মোহাম্মদ আবু নাসের, কাজী ফাহাদ মোস্তফা, হাসেন আলী, সাহেদ আহমেদ, মো. আব্দুর রাফিউল আলম, মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী রিংকি, হাবিবুর রহমান, রাজিব হাসান, আসিফ হোসেন খান, সায়মা ফিরোজ, মঈন ইকবাল, মোহাম্মদ আব্দুল হান্নান, শাহ আবদুল্লাহ মাসুদ, শহিদুজ্জামান, রফিক আহমেদ, মোহাম্মদ মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী এবং মো. ইব্রাহিম রানা।
প্রজ্ঞাপনে বলা হয়, নবগঠিত অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুসারে গঠন করা হয়েছে। নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশনের নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নবগঠিত অ্যাডহক কমিটিকে দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ফেডারেশনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সেখানে আরও উল্লেখ করা হয়, গঠিত এ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই আদেশ জারি করা হলো। আদেশ জারির তারিখ হতে গঠিত নতুন এ্যাডহক কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।












































