প্রচ্ছদ জাতীয় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আজহারীর ভিন্ন পরিকল্পনা!

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আজহারীর ভিন্ন পরিকল্পনা!

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন। তবে তাৎক্ষণিক ত্রাণ বিতরণের পরিবর্তে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আজহারী বলেন, বর্তমান যুগ বিশেষায়নের। তাই সব প্রতিষ্ঠানকে একই ধরনের কাজ করতে হবে—এমন ধারণা সঠিক নয়। প্রত্যেক প্রতিষ্ঠানের উচিত নিজস্ব লক্ষ্য, নীতিমালা ও কর্মপরিধির মধ্যে থেকে সর্বোচ্চ অবদান রাখা।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। এরপর সীমিত পরিসরে এসব প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণে অংশ নেবে হাসানাহ ফাউন্ডেশন।

আজহারী বলেন, দেশের বিভিন্ন এলাকায় যারা ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছেন, তাদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, দুর্যোগে মানুষের কষ্টে ফাউন্ডেশন উদাসীন নয়; বরং নিজেদের মূল লক্ষ্য অনুযায়ী দীর্ঘমেয়াদি ও টেকসই অবদান রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত এক বছরে ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, জাতীয় কুরআন ও সিরাত অলিম্পিয়াড আয়োজন, আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে। বর্তমানে হাদিস অলিম্পিয়াডের প্রস্তুতিও চলছে।

ফাউন্ডেশনের আর্থিক স্বচ্ছতার বিষয়ে আজহারী বলেন, এটি একটি সরকার নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান। ট্রাস্টি বোর্ডের কেউ এখান থেকে আর্থিক সুবিধা নেন না এবং প্রতিটি ব্যয় নিরীক্ষা ও অডিটের আওতায় পরিচালিত হয়। তার ভাষায়, দাতাদের অর্থ নির্ধারিত উদ্দেশ্যেই ব্যয় করা প্রতিষ্ঠানটির নৈতিক ও শরয়ি দায়িত্ব।