প্রচ্ছদ জাতীয় আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্তও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার থেকে শনিবার পর্যন্তও রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু অংশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার থেকে রোববার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

রোববার থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাব এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে নিচু এলাকা ও নগরাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।