প্রচ্ছদ জাতীয় সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতার

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতার

প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে অপহরণের শিকার হওয়া সুখরঞ্জন বালীর ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার হওয়া কর্মকর্তার নাম ফজলুর রহমান। তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে এ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন। পরে তাকে ভারতে পাওয়া যায় এবং সেখানে একটি কারাগারে প্রায় পাঁচ বছর বন্দি থাকতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়।