প্রচ্ছদ হেড লাইন সংসদে ইংরেজি বক্তব্যে আলোচনায়, কে এই জেবা আমিন?

সংসদে ইংরেজি বক্তব্যে আলোচনায়, কে এই জেবা আমিন?

জাতীয় সংসদে সড়কের বেহাল অবস্থা নিয়ে বাংলা-ইংরেজি মিশিয়ে দেওয়া বক্তব্যে আলোচনায় এসেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন। তাঁর মন্তব্য— ‘দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, দিস ইজ ডিউ টু দুর্নীতি’— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

জেবা আমিন খান বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আখতার উদ্দিন আহম্মেদের মেয়ে। ১৯৬২ সালের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর মা আতিয়া আহম্মেদ।

বর্তমানে জেবা আমিন বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঝালকাঠি জেলা বিএনপির রাজনীতিতেও সক্রিয় রয়েছেন।

জানা যায়, তাঁর স্থায়ী বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও জাতীয় পর্যায়ে এবারই বেশি আলোচনায় এলেন জেবা আমিন। সংসদে সড়ক অবকাঠামো ও দুর্নীতির প্রসঙ্গ তুলে দেওয়া তাঁর সাম্প্রতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর সমর্থকদের দাবি, ভাষা নয়, তিনি মূলত দেশের সড়ক ব্যবস্থার দুরবস্থা ও উন্নয়ন প্রকল্পে অনিয়মের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন।