প্রচ্ছদ জাতীয় রাত ১টার মধ্যে দেশের যেসব জেলায় ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে দেশের যেসব জেলায় ঝড়ের শঙ্কা

দেশজুড়ে প্রখর রোদ ও ভ্যাপসা গরমে যখন জনজীবন অতিষ্ঠ, তখনই দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে।

এ সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পটুয়াখালীতে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস।

তবে একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতও হয়েছে। খুলনায় সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সাতক্ষীরায় ৪২ মিলিমিটার, ঢাকায় ৩১ মিলিমিটার, যশোরে ৩০ মিলিমিটার, নীলফামারীর রাজারহাটে ২৮ মিলিমিটার এবং চুয়াডাঙ্গায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।