প্রচ্ছদ জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত ১০ সদস্যের স্থায়ী কমিটি গঠন

সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত ১০ সদস্যের স্থায়ী কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত ১০ সদস্যের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব করেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট চান। ওই সময় সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের’ প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি করা হয়েছে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এ ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসন-৬ এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।